২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পুলিশসহ আরও ৫ জন আক্রান্ত

চট্টগ্রামে দুই পুলিশ সদস্যসহ আরও পাঁচজনের নভেল করোনাভাইরাস ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 12:36 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) মোট ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিভাগে বুধবার করা পরীক্ষায় মোট ছয়জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচজন এবং নোয়াখালীর একজন রয়েছেন।

এদের মধ্যে নগরীর দামপাড়া পুলিশ লাইনের দুইজন পুলিশ সদস্য রয়েছেন। তাদের বয়স ২৫ ও ২৬ বছর। এছাড়া আনোয়ারায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি, পটিয়ার ৪৫ বছর বয়সী নারী এবং নগরীর নিমতলা এলাকার ৩০ বছর বয়সী নারী রয়েছেন। এর মধ্যে নিমতলা এলাকার বাসিন্দা আগেই মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট এক হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হল। তাদের মধ্যে মোট ৩৬ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেল। এদের মধ্যে ৩২ জন চট্টগ্রাম জেলার। আর বাইরের লক্ষীপুরের দুইজন এবং নোয়াখালীর দুইজন রয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল চারজনে।

বিআইটিআইডিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ব্যক্তিদের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়ে থাকে।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগী মারা গেছেন।

নগরীর মিয়াখান নগর এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী ওই নারী মঙ্গলবার জেনারেল হাসপাতালে ভর্তি হন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।

তিনি জানান, তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এখন জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে ২২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫ জনের।