২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর করোনাভাইরাস শনাক্ত, চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল আংশিক বন্ধ

চিকিৎসা নেওয়া এক রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালের সিসিইউ এবং জেনারেল ওয়ার্ডের আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 03:45 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

তবে হৃদরোগের চিকিৎসা নিতে আসা ওই রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়ে চলে গেছেন নমুনা পরীক্ষার ফল আসার আগেই । 

মঙ্গলবার ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার যে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয় তাদের মধ্যে একজন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাক্স হাসপাতালের সিসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জেনারেল ওয়ার্ডের একাংশও বন্ধ করা হয়েছে।

“যারা ওই রোগীর চিকিৎসা করেছেন সেই ডাক্তাররা পিপিই পরা ছিলেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। নার্স ও স্টাফ যারা ওই রোগীর সংস্পর্শে এসেছেন তাদের হাসপাতালেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”

কতজন কোয়ারেন্টিনে আছেন তা জানাতে পারেননি সিভিল সার্জন।

তবে ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ইমার্জেন্সি, সিসিইউ, জেনারেল ওয়ার্ড এবং কনসালটেন্ট মিলে মোট ১১ জন ডাক্তার ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন।

হাসপাতালটিতে খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচরের বাসিন্দা ৭০ বয়সী ওই ব্যক্তি গত শনিবার হৃদরোগ নিয়ে ভর্তি হন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ওইদিন বিকালেই তার নমুনা সংগ্রহ করা হয়। তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এমন খবর রোববার সন্ধ্যার পর ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে ছড়িয়ে পড়ে।

দুইদিন বাদে এর মধ্যে মঙ্গলবার সকালে সুস্থ বোধ করায় ওই রোগী হাসপাতাল ছেড়ে যান। পরে সেদিন রাতেই ওই রোগীর নমুনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে।

ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হার্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া ওই রোগীর নিউমোনিয়া দেখে সন্দেহ হলে ডাক্তাররা তার পরিবারের সদস্যদের কাছে জানতে চান। তখন তারা বলে কয়েকদিন আগে উনার জ্বর-সর্দি হয়েছিল।

“এরপর শনিবার বিকালেই উনার নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকালের পর শুনি উনার ফল নেগেটিভ এসেছে। এটা রোগীর স্বজনরাই সম্ভবত বলেছিল। রোববারের পজিটিভের তালিকায় এই বয়সী কেউ ছিল না। সোমবার দুজনের পজিটিভ ফল আসে। মঙ্গলবার সকালে সুস্থ বোধ করায় ওই রোগী চলে যান। রাতে আমরা জানতে পারি তার ফল পজিটিভ। কিন্তু এই ফলাফল কেন এত পরে আসলো তা জানি না।”

১১ জন ডাক্তারের ওই রোগীর সংস্পর্শে আসার বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী বলেন, “যারা চিকিৎসা করেছিলেন তাদের পিপিই ছিল। সরাসরি সংস্পর্শে আসা চারজন ডাক্তারসহ মোট ২৪ জন আমাদের হাসপাতালেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।

“এছাড়াও কয়েকজন ডাক্তার হোম কোয়ারেন্টিনে থাকতে চেয়েছেন। তারাসহ সবারই পরীক্ষা করানো হবে। সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচরে ওই বৃদ্ধের বাড়িসহ মোট ১৬টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

এছাড়া বাঁশখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করা এক চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর   বৈলছড়ি এলাকায় ওই চিকিৎসকের বাড়ি ও তার এক আত্মীয়ের বাড়ি অবরুদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, উপজেলার চাম্বল ন্যাশনাল মেডিকেল হাসপাতালের একজন আরএমও আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন। তার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

আক্রান্ত চিকিৎসক নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করতেন। সেই বহুতল ভবনটি মঙ্গলবার রাতেই অবরুদ্ধ করে ফেলা হয়েছে।