চট্টগ্রামে এক দিনে সর্বাধিক রোগী শনাক্ত
চট্টগ্রামে নভেল করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা শুরুর পর একদিনে সর্বাধিক ১১ জন রোগী ধরা পড়েছে মঙ্গলবার, যাদের মধ্যে একজন চিকিৎসক।
চট্টগ্রামে এই প্রথম কোনো চিকিৎসকের দেহে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ল। আক্রান্ত চিকিৎসক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় বসবাস করেন।
মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ ১১৮ জনের নমুনা পরীক্ষায় মোট ১২ জনের করোনাভাইরাস ‘পজেটিভ’ আসে।
এদের মধ্যে একজন নোয়াখালীর বাসিন্দা। বাকি ১১ জন চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর মধ্যে সাতকানিয়া উপজেলার পাঁচজন, নগরীর সাগরিকা এলাকার চারজন, নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বোয়ালখালীর এক বাসিন্দা এবং কাতালগঞ্জে বসবাসকারী ওই চিকিৎসক আছেন। চট্টগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে দুজন নারী আছেন, বাকিরা পুরুষ।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের ফল পজেটিভ এসেছে। বিআইটিআইডিতে আজ পর্যন্ত ৯০৫ জনের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়েছে।”
এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া জেলার বাইরে লক্ষ্মীপুরের দুজন এবং নোয়াখালীর একজনসহ চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ৩০ জন।
চট্টগ্রাম জেলার তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ইতোমধ্যে মারা গেছেন।
কোভিড-১৯ বিষয়ে স্বাচিপ গঠিত বিভাগীয় কমিটির সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্ত চিকিৎসককে জেনারেল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
“এছাড়া সাতকানিয়ায় শনাক্ত পাঁচজনই পশ্চিম ঢেমশা এলাকার। উনারা আগে সাতকানিয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
গত ৯ এপ্রিল সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগর এলাকায় ৬৯ বয়সী এক বৃদ্ধ মারা যান। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলে ১১ এপ্রিল বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতকানিয়ার আক্রান্তরা পশ্চিম ঢেমশার ইছামতি আলীনগর এলাকার বাসিন্দা। সাগরিকার আক্রান্তরা আগে আক্রান্ত গার্মেন্টস কর্মকর্তার এলাকার। তারা একই পরিবারের কি না, তা যাচাই করা হচ্ছে।
“আক্রান্তদের হাসপাতালে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আক্রান্তদের এলাকায় বাড়িঘর লকডাউনের বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।”
এরআগে সোমবার দুপুরে জেনারেল হাসপাতালে আক্রান্ত এক নারী এবং রোববার গভীর রাতে পটিয়ার ছয় বছরের এক প্রতিবন্ধী শিশু মারা যায়।
