চট্টগ্রামে আরও দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত
চট্টগ্রামে নতুন করে আরও দুইজনের নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ জন।
সোমবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ মোট ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে দুইজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন।
দুইজনই চট্টগ্রাম মহানগরী এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। ওই মহিলা দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. হাসান শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই মহিলা নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকার এবং আনুমানিক ৫৭ বছর বয়সী পুরুষ রোগী উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ১৮ জনের নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে দুইজন লক্ষীপুরের। আর আক্রান্তদের মারা গেছেন তিনজন।
একদিনে আইসোলেশনে তিনজনের মৃত্যু
চট্টগ্রামের জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে একদিনে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনাভাইরাস ধরা পড়েছে।
সোমবার ভোর রাতে আইসোলেশন ওয়ার্ডে মারা যায় পটিয়ার হাইদগাঁও এলাকার ছয় বছর বয়সী শিশুটি।
এরপর দুপুরে পাহাড়তলীর সরাইপাড়া এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী ওই নারী মারা যান। তিনি রোববার রাতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে পাঠানো হয়েছিল বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান।
এছাড়া ব্রংকাইটিস নিয়ে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে রোববার ভর্তি হওয়া ৬০ বছর বয়সী এক নারী বেলা ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান।
সোমবার ওই নারীর করা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে ডা. অসীম কুমার নাথ জানান।
জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে নয়জন করোনাভাইরাস আক্রান্ত।
