২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

চট্টগ্রামে ব্যাংকের সামনে, বাজারে, প্রধান সড়কে ও অলিগলিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালিয়ে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের অভিযান দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 10:01 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

রোববার জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা এই দুই পালায় পরিচালিত যৌথ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহায়তা করে।

এরমধ্যে সকালে নগরীর জিইসি মোড় থেকে আগ্রাবাদ এলাকা পর্যন্ত এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথের সামনে ভিড় নিয়ন্ত্রণে কাজ করে অভিযান দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে কঠোরভাবে সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশ দেয়া হয়েছে। গ্রাহকদেরও সর্তক করা হয়েছে।

“আগ্রবাদে প্রাইম ব্যাংকের সামনে মুন্না ইসলাম (২৭) নামের এক যুবক সর্তক করার পরও সামাজিক দূরত্ব না মানায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।”

এছাড়া পাহাড়তলি ও আকবর শাহ এলাকায় রড-সিমেন্টের দোকান খোলা রাখায় জরিমানা করা হয়।

পাশাপাশি আকবর শাহ ও পাহাড়তলি থানা এলাকার বিভিন্ন বস্তি ও অলিগলিতে মাইকিং করে লোকজনকে ঘরে ফেরানো হয়।

নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, বন্দর, ইপিজেড, পতেঙ্গা, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া, কোতোয়ালী, ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলি ও আকবর শাহ এলাকায় এসব অভিযানে মোট ৬৮টি মামলায় ৯৬ হাজার তিনশ টাকা জরিমানা করা হয়।