পাহাড়তলি-সাগরিকা ঘিরে ভয় চট্টগ্রামের স্বাস্থ্য কর্মকর্তাদের
চট্টগ্রামেও নভেল করোনাভাইরাসের মৃদু সামাজিক সংক্রমণ শুরু হয়েছে এবং নগরীর পাহাড়তলি-সাগরিকা এলাকায়ই কেন্দ্র হয়ে উঠছে বলে সন্দেহ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
কিছু দিনের মধ্যে দুয়েকটি স্থানে ‘ক্লাস্টার’ও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে গত ১৭ দিন করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রাম জেলার মোট নয়জনের এই রোগ ধরা পড়েছে। এদের মধ্যে অধিকাংশেরই বিদেশফেরত বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কোনো তথ্য পাওয়া যায়নি।
সে কারণে সংশ্লিষ্টদের ধারণা, চট্টগ্রামে ‘আংশিক’ কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। তবে তা ধীর গতিতে। কিছু দিন পরই প্রকৃত অবস্থা বোঝা যাবে।
এ কারণে সংক্রমণ ঠেকাতে নগরীর কাঁচাবাজার, মসজিদ ও পাড়া-মহল্লায় জনসমাগম একদমই কমিয়ে আনতে এবং ব্যাংকগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন।
পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন তাও খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে বিভিন্ন পেশার লোকজন আক্রান্ত হওয়ায় এটা পুরোপুরি খুঁজে বের করা প্রায় ‘অসম্ভব’ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে আংশিক কমিউনিটি ট্রান্সমিশন বলা যায়। তবে সেটা খুব ধীর গতিতে।”
চট্টগ্রামে ৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়া তিনজনের মধ্যে একজন সাগরিকা এলাকার বাসিন্দা এবং সংলগ্ন উত্তর কাট্টলী এলাকার একটি পোশাক কারখানার কর্মচারী।
এরপর ১০ এপ্রিল শনাক্ত দুজনের একজন স্থানীয় জোলারহাট বাজারের ভাসমান সবজি বিক্রেতা।
সবশেষ ১১ এপ্রিল শনাক্তদের একজন পাহাড়তলি সিডিএ মার্কেট দুলালাবাদ এলাকার বাসিন্দা। তিনি কয়েক দিন আগেও স্থানীয় কাঁচাবাজারে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এই তিনটি এলাকাই কাছাকাছি হওয়ায় পাহাড়তলি-সাগরিকা ঘিরে ‘ক্লাস্টার’ গড়ে উঠছে বলে আশঙ্কা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবিরের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়তলি-সাগরিকা এলাকায় ক্লাস্টার গ্রো করছে বলে ধারণা করছি। তবে সেটা আরও কয়েক দিন দেখতে হবে। যদি এটা হয়ও এর প্রভাব জানতে আরও কয়েক দিন সময় লাগবে।
“যে সবজি বিক্রেতা আক্রান্ত তিনি ভ্যানগাড়িতে করে সবজি নিয়ে বিভিন্ন স্থানে গিয়েছিলেন। তিনি কীভাবে আক্রান্ত হলেন তার কোনো লিংক পাওয়া যায়নি। আমাদের ধারণা, ওই এলাকায় (পাহাড়তলি-সাগরিকা) মানুষের জটলা থেকে ট্রান্সমিশন হয়ে থাকতে পারে। আরো তিন দিন দেখে প্রয়োজনে ওই এলাকা কর্ডন করে বন্ধ করে দেওয়া হবে।”
ইতোমধ্যে জোলারহাট বাজারটি বন্ধ করে দিয়েছে পুলিশ। বাজারের সব দোকানি ও কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরীও সাগরিকা এলাকা ঘিরে সীমিত ‘ক্লাস্টার ট্রান্সমিশন’ শুরু হয়েছে বলে ধারণা করছেন।
“এরপরই সোশ্যাল ট্রান্সমিশন হয়, বড় পরিসরে। সেটা এখনো চট্টগ্রামে হয়নি। এটা স্টেজ-৩ এর শুরু বলা যায়,” বলেন তিনি।
এদিকে ৮ এপ্রিল সীতাকুণ্ডের বাসিন্দা এক ব্যাংক কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে এসেছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জ করোনাভাইরাস সংক্রমণের ‘ক্লাস্টার’ বলে ঘোষিত হয়েছে।
গত ১০ এপ্রিল শনাক্ত নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার এক কাঠ ব্যবসায়ী সেখানকার শিববাড়ি লেইন এলাকার ১১তলা একটি ভবনের বাসিন্দা। ওই ভবনে মোট ফ্ল্যাট ৫৭টি।
তিনি নিয়মিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে যেতেন বলে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে।
এছাড়া অসুস্থ অবস্থায় তিনি দুটি বেসরকারিসহ মোট তিনটি হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে হাসান শাহরিয়ার কবির বলেন, উনার সংস্পর্শে এসেছে বা আসার সম্ভাবনা আছে এ রকম প্রায় তিন হাজার লোকের তথ্য যাচাই করা হচ্ছে।
“তার মাধ্যমে কেউ সংক্রমিত হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি জনসমাগমের স্থানে যেতেন।”
চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাপকভাবে ভাইরাস সংক্রমণ ঠেকাতে নগরীতে বাইরে থেকে লোক আসা-যাওয়া বন্ধ করা হয়েছে। জনসমাগম হয় এমন স্থানে সর্বোচ্চ নিয়ন্ত্রণ আরোপ করছি। মাইকিং, টহল, সচেতন করার সব চেষ্টা করছি। আরও কম জনসমাগম নিশ্চিত করতে সব চেষ্টা অব্যাহত আছে।”
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌথ অভিযানে জরুরি নয় এমন সব দোকান বন্ধ রাখতে এবং টিসিবির পণ্য বিক্রি, বাজার ও ব্যাংকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
“পাশাপাশি মসজিদ-মাজারে জড়ো হওয়ার চেষ্টা নিরুৎসাহিত করছি। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।”
