ফাঁসির দণ্ড নিয়ে পাঁচ বছর ‘কুলি-মজুরের জীবনে’
হত্যা মামলায় মৃত্যুদণ্ড হলেও পরোয়ানা থানায় না যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নাম-পরিচয় পাল্টে কুলি, রিকশাচালক ও পোশাক কারখানায় চাকরি-এমন নানা পেশায় থেকে পাঁচ বছর পার করে দিয়েছেন চট্টগ্রাম নগরীর এক বাসিন্দা।
শনিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে আবুল কালাম (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। ভোলার লালমোহনে কালামের বাড়ি হলেও থাকেন বাকলিয়া থানার কালামিয়া বাজারে।
তাকে নিয়ে গত পাঁচ দিনের মধ্যে একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা হল বলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।
এর আগে গত ৬ এপ্রিল কালামের সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রুবেল ওরফে বস্তি রুবেলকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
২০০৮ সালের ৩ মে কালাম ও তার পাঁচ সহযোগী মিলে চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করেন এবং লাশটি বোয়ালখালী থানা এলাকায় ফেলে যান। এরপর পর সাতকানিয়া উপজেলায় তার এক সহযোগী ছিনতাই করা অটোরিকশাসহ গ্রেপ্তার হয়।
এ ঘটনায় বোয়ালখালী থানায় হওয়া মামলায় তদন্তের পর ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালত রুবেল, কালামসহ চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় কাউসার নামে তাদের এক সহযোগী ছাড়া বাকিরা সবাই পলাতক ছিলেন।
ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর পর গ্রেপ্তার হয়ে কালাম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।তিন বছর হাজত বাস করে ২০১২ সালের দিকে জামিনে ছাড়া পান তিনি।
“আদালতের রায়ে সাতদিনের মধ্যে দণ্ডিতদের উচ্চ আদালতে আপিল করার কথা বলা হলেও আগে গ্রেপ্তার রুবেলের মতো কালামও আপিল করেনি।”
তিনি বলেন, “২০১৫ সালে কালামের ফাঁসির আদেশ হলেও তার পরোয়ানা থানায় এবং তার স্থায়ী ঠিকানা ভোলার লালমোহনে যায়নি। সে সুযোগটি নিয়ে কালাম গত পাঁচ বছরে তার নাম ঠিকানা পাল্টে কখনও রিকশা চালাতেন, কখনও গার্মেন্টে আবার কখনও কুলির কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তার বাসায়ও যাতায়াত করতেন।”
রুবেল ও কালামের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রায় ছয় মাস ধরে তাদের অনুসন্ধান করেন বলে জানান ওসি।
“পাশাপাশি আদালতের বিচারকদের সাথেও কথা বলেছি। তারা আমাকে রুবেল ও কালামকে গ্রেপ্তারে কোনো নিষেধ নেয় বলে জানিয়েছেন।”
বিভিন্নভাবে অনুসন্ধান করে রুবেলের মতো কালামের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান ওসি নেজাম।
