চট্টগ্রামের মেয়রপ্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক স্থগিত
বিশ্বজুড়ে মহামারী রূপে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সতর্কতা হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়েছে।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণসমাগম হয় এমন কিছু আমরা করতে চাই না। তাই বৈঠক স্থগিত করা হয়েছে।
“সকালে সার্কিট হাউজে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে তিনি (মাহবুব তালুকদার) নাস্তা করেছেন, সেখানে সবার সাথে কথা বলেছেন। এখন ঢাকায় ফিরে যাচ্ছেন।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বৈঠক হওয়ার কথা ছিল।
কভিড-১৯ নামে এই রোগে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছে ১০ জনে। আক্রান্তদের সংস্পর্শে আসার সন্দেহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৮ জন। এছাড়াও ৬ হাজার ৩১৫ জনকে সেল্ফ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এমন পরিস্থিতিতে ২৯ মার্চ সিসিসি নির্বাচন হচ্ছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এবিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যেই চট্টগ্রামের ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সভাটি স্থগিত হলো।
এদিকে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। মিছিল সমাবেশ বা গণজমায়েত হয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন।
২৯ মার্চ অনুষ্ঠিতব্য সিসিসি নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ১৬১ জন কাউন্সিলর প্রার্থী এবং ৫৬ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন।
এর মধ্যে বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিসি নির্বাচন স্থগিত বিষয়ে নানা রকম আলোচনা শুরু হয়।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “বিকেল ৩টার পর ঢাকায় সিইসির সভাপতিত্বে কমিশন বৈঠক হবে। বৈঠকে নির্বাচন বিষয়ে যে সিদ্ধান্ত হবে তাই আমরা অনুসরণ করবো।”
