মুজিববর্ষে থানায় মিষ্টি দিয়ে আপ্যায়ন
জাতির জনকের জন্মশত বার্ষিকীতে থানায় যাওয়া লোকজনকে মিষ্টি খাইয়ে বরণ করে নিল পুলিশ।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় আসা সেবাপ্রার্থীদের মিষ্টি মুখ করানো হয় পুলিশের পক্ষ থেকে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় মামলা, জিডি করতে আসা সকলকেই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে সকাল থেকে। থানা প্রাঙ্গনে রোপন করা হয়েছে ফলজ ও ফুল গাছ।”
চট্টগ্রামের আরিএফ পুলিশ প্লাজার দোকানি মো. লোকমান হোসেন সকালে থানায় গিয়েছিলেন মোবাইল হারানো জিডি করতে।
ওসি মহসিন জানান, মুজিব বর্ষে বিভিন্ন ধরনের ১০০ কাজ হাতে নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এর মধ্যে থানা এলাকায় ১০০টি স্থান নির্ধারণ করে সে জায়গাগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও থানা এলাকার আবাসিক হোটেলগুলোর গ্রাহকদের নিবন্ধন শতভাগ অনলাইন আওতায় আনার চেষ্টার পাশাপাশি জনগণকে আইন নিয়ে সচেতন করার জন্য বছরব্যাপী বিভিন্ন কর্মসুচি হাতে নেয়ার কথা জানান ওসি মহসিন।
এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শোনার কার্যক্রম হ্যালো ওসি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বিভিন্ন মনিষীদের উদ্ধৃতি দিয়ে থানা প্রাচীরকে সৌন্দর্য্য বর্ধন করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আগে থেকে আলোচনায় ছিল চট্টগ্রাম নগরীর সর্বপ্রাচীন এ থানাটি।
