নোমান-নাছিরকে নিয়ে বাকলিয়ায় প্রচারে শাহাদাত
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় দুই সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে সঙ্গে ধানের শীষে ভোট চাইলেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন।
রোববার পূর্ব, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়ায় বিএনপির দুই ভাইস চেয়ারম্যানকে নিয়ে গণসংযোগে নামেন ধানের শীষের প্রার্থী শাহাদাত।
গণসংযোগকালে তিনি বলেন, “আমি বাকলিয়ার সন্তান। মেয়র পদে জয়ী হলে অবহেলিত বাকলিয়াকে আধুনিক, সুন্দর ও আবর্জনামুক্ত পরিবেশবান্ধব এলাকায় পরিণত করব।”
বৃহত্তর বাকলিয়ার উন্নয়নে আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অবদান সবচেয়ে বেশি বলে দাবি করেন শাহাদাত।
নোমান বলেন, “বিএনপি আমলে দীর্ঘদিনের অবহেলিত বাকলিয়ার অনেক উন্নয়ন হয়েছে। বাকলিয়াবাসীর কাছে সে উন্নয়নের দাবি নিয়ে বিএনপি প্রার্থীর জন্য ভোট চাইতে এসেছি।”
মীর নাছির সবাইকে ভোটের দিন সকালে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সেদিন ভোটে বাধাদানকারীদের প্রতিহত করে ভোটের অধিকার ফিরিয়ে নিতে হবে।”
প্রচারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
