২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসের আয়োজনে মাকে স্মরণ রবার্ট মিলারের

কষ্ট করে ছয় সন্তানকে কী করে বড় করেছেন তার মা, সে কথা নারী দিবসের এক আয়োজনে তুলে ধরলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 10:13 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

সোমবার সকালে নগরীর জামালখানে চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আমেরিকান কর্নারে আয়োজিত নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাকে স্মরণ করেন তিনি।

মিলার বলেন, ”নারীর আপন শক্তি হচ্ছে তার আত্মবিশ্বাস। পথচলায় তাকে এগিয়ে যেতে হবে সময়ের আগে।

“লক্ষ্য অর্জনে অবিচল থেকে নিজের দক্ষতা প্রমাণ করে সবাইকে চমকে দিতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় নারীকে হতে হবে আরও চৌকষ, আরও উদ্যমী।”

আর্ল রবাট মিলার নিজের মায়ের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, “আমার মা সামাজিক টানাপোড়েন আর আর্থিক কষ্টে থেকেও তার ছয় সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি পিএইচডিও অর্জন করেছেন। প্রতিকূলতাকে জয় করার তার দুর্বার ইচ্ছা আমাকেও অনুপ্রাণিত করে।”

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ”বাংলাদেশের অগ্রযাত্রায় নানা সেক্টরের নারীদের সাফল্য প্রশংসনীয়।

“নারীদের মেধা, শ্রম ও নিরলস পরিশ্রমে আন্তর্জাতিকভাবে প্রতিনিয়ত সুনাম বয়ে আনছে বাংলাদেশ। নারীরা এগিয়ে যাচ্ছেন সামনের কাতারে।”

অনুষ্ঠানে সিআইইউর শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রামে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সিআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মিলার সিআইইউর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও আমেরিকান কর্নার চিটাগাং এর সহকারী পরিচালক রুমা দাশ।