২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়র হওয়ার দৌঁড়ে থাকলেন ৬ জন

জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (সিসিসি) মেয়র হওয়ার দৌঁড়ে থাকলেন ছয়জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 10:18 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

আর এই সিটির ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সব মিলিয়ে ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র ও কাউন্সিলর পদে মোট ৫৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান।

সন্ধ্যায় নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যহারের সময় শেষ হওয়ার পর এখন মেয়র পদে ছয়জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৬ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬১ জন প্রার্থী আছেন।

“সোমবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পরপর তারা প্রচারে অংশ নিতে পারবেন। প্রার্থীদের বলব, তারা যেন আচরণবিধি যথাযথভাবে পালন করেন। এ বিষয়ে ব্যত্যয় হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।”

যাচাই বাছাই শেষে চট্টগ্রাম সিটির নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত নারী আসনের ১৪টি ওয়ার্ডে ৫৮ জন প্রার্থী ছিলেন।

তাদের মধ্যে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত সোলায়মান আলম শেঠ রোববার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহার নেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।

এদিকে আওয়ামী লীগের দল সমির্থিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করতে দলের জ্যেষ্ঠ নেতারা বারবার আহ্বান জানিয়ে আসছিলেন।

দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা এ নিয়ে রোববার সার্কিট হাউজে চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকও করেন।

এরপর নগরীর কেসি দে রোডে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আবারো বিদ্রোহীদের সরে দাঁড়ানোর আহ্বান জানান।

বিকাল সাড়ে ৪টায় এ ঘোষণা আসার পর বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের কয়েকজনকে লাভ লেইন এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখা যায়। তাদের দুয়েকজন সেখানে বসেই প্রত্যাহারের আবেদন পত্র লিখে জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ৫টা পর্যন্ত যারা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহারপত্র গ্রহণ করা হয়েছে।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ৭৩৫ কেন্দ্রে ইভিএমে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মোট ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার এ নির্বাচনে তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন।