চবি ছাত্রীকে লাঞ্ছনা, ছাত্র বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রক্টর এস এম মনিরুল হাসান।
বহিষ্কৃত প্রবীর ঘোষ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
প্রক্টর মনিরুল বলেন, প্রবীর ঘোষ গত ১ মার্চ কাটা পাহাড় এলাকায় এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এ সিদ্ধান্ত ১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানান প্রক্টর।
গত ১ মার্চ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের র্যাগ ডের অনুষ্ঠান শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন প্রবীর।
ওই ছাত্রীর সহপাঠীরা প্রবীরকে আটক করে পুলিশের হাতে সোপার্দ করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেয়।
