চট্টগ্রামে চোরাকারবারি সন্দেহে আটক ৯
চোরাকারবারি সন্দেহে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে নয় জনকে আটক করেছে র্যাব।
আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোবাইল ফোন, ল্যাপটপ, সিগারেট ও সোনার বার উদ্ধার করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) এএসপি মাশকুর রহমান জানান।
তিনি বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবু ধাবি থেকে এসে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নামেন ওই নয় জন।
“গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের সিগারেট, মোবাইল ফোন, ল্যাপটপ, জুতা, থ্রি-পিস, ক্যামেরা, একটি স্বর্ণের বিস্কুট ও আমদানি নিষিদ্ধ ড্রোন পাওয়া যায়।”
আটক নয় জন হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাশিদুল করিম (২২), হাটহাজারি উপজেলার মো. হারুণ (৩৫), ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. সাজ্জাদ মহেশ (২৭), আলী হোসেন (৪২), আব্দুল আজিজ (২৬), আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. সাহাবুদ্দিন (২৮), ফুলগাজী উপজেলার সৈয়দ নাজিম উদ্দিন (৩৫), আবুল কালাম (৪২)।
এএসপি মাশকুর বলেন, “তারা শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের চোরাই পণ্য এনেছে। আমাদের ধারণা, ওই নয় জন দুটি আলাদা চোরাকারবারি গ্রুপের সদস্য।”
