চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবদুল হামিদ ফুয়াদ মাথায় আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ‘বিজয়’ ও ‘কনকর্ড’ গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ‘কনকর্ড’ ও ‘সিক্সটি নাইন’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী। আর ‘বিজয়’ গ্রুপ প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
সোমবার রাতের ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় ‘বিজয়’ গ্রুপের বোরহান আবির হাসান নামের এক কর্মীকে মারধর করে ‘কনকর্ড’ গ্রুপের কর্মীরা।
আহত আবির হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন।
এরপর বুধবার সন্ধ্যায় বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলে অবস্থান নেয়। সেখান থেকেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। শাহজালাল হলে সংঘর্ষের মধ্যে আবদুল হামিদ ফুয়াদ আহত হন।
পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বেলাল হোসেন জানান।
সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করলে সিক্সটি নাইন গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয় গ্রুপের কর্মীরা কারণ ছাড়াই শাহজালাল হলে ঢুকে আমাদের কর্মীকে আহত করেছে।
“নামধারী অছাত্ররা ক্যাম্পাসকে অস্থিতিশীল করেতে চায়। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ক্যাম্পাসে শান্তি ফেরানোর দাবি জানাচ্ছি আমরা।”
অন্যদিকে বিজয় গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিনা উসকানিতে সাধারণ সম্পাদকের অনুসারীরা আমাদের এক কর্মীকে মারধর করে। প্রশাসন ও ছাত্রলীগের বর্তমান কমিটি যদি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, তা হলে আজকে ঘটনা ঘটত না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের উত্তেজনার সময় সোহরাওয়ার্দী হল থেকে চারজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
