চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে বৃহস্পতিবার
চিটাগাং চেম্বার আয়োজিত মাসব্যাপী ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) শুরু হচ্ছে বৃহস্পতিবার।
মঙ্গলবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ সম্মেলনে জানানো হয় মেলার সার্বিক বিষয়ে।
লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার বিকালে পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “মুজিববর্ষ উদযাপনে অংশীদার হতে এবার মেলা প্রাঙ্গনে দুই হাজার ৩৪০ বর্গফুটের ‘মুজিব কর্নার’ রাখায় সিদ্ধান্ত হয়েছে।
“এখানে জাতির জনকের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকচিত্র প্রদর্শনের জন্য থিয়েটার রুম, একটি ভিআইপি লাউঞ্জ ও একটি কনফারেন্স রুমও থাকছে। এতে বঙ্গবন্ধু সংক্রান্ত তথ্যচিত্র, বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ, কো-চেয়ারম্যান একেএম আকতার হোসেন, মো. জহুরুল আলম ও অঞ্জন শেখ দাশ।
চার লাখ বর্গফুটের মেলায় এবার ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, ৮টি ফুড স্টল, থাই জোনসহ ৫টি আলাদা জোন নিয়ে মোট ৪৭০টি স্টল থাকবে।
মেলার প্রবেশমূল্য ১৫ টাকা। তবে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঁচ লাখ টিকিট দেওয়া হবে এবারের মেলায়।
এবারের মেলার পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। মেলায় নতুন সংযোজন হিসেবে থাকছে শিশুদের জন্য তিন হাজার চারশ ফুটের গেম জোন। মেলায় থাইল্যান্ড, ভারত, ইরান ও তুরস্কের বিভিন্ন স্টল থাকবে।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
