হালিশহরে ঘরে আগুন, দুইজনের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে একটি কলোনিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে, মৃত্যু হয়েছে দুইজনের।
রোববার গভীর রাতে হালিশহর থানার বড়পুল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ- সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান।
নিহত মোহন ও জাকির হোসেনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। মোহনের বাড়ি কুমিল্লার চান্দিনায়, জাকিরের বাড়ি চাঁদপুরের কুচুয়ায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৬০ বর্গফুট জায়গায় টিন দিয়ে ছোট ছোট ঘর তৈরি করে গড়ে তোলা হয়েছিল ওই কলোনি। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কাছে ভাড়া দেওয়া হয়েছিল ঘরগুলো।
“ওই কলোনির দুই দিকে সীমানা প্রাচীর, একদিকে ভবন, অন্যদিকে দোকান। একটি পকেট গেইট দিয়ে লোকজন চলাচল করত। রাতে গেইটের দিকে অগুন লাগায় বের হতে না পেরে দুজনের মৃত্যু হয়।”
ফরিদ জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ছয়টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
