মূল্যবোধে আমরা পাশ্চাত্যের চেয়েও ধনী: হাছান
২০৪১ সালের মধ্যে ‘বস্তুগত’ উন্নয়নের লক্ষ্য অর্জনের সাথে দেশাত্মবোধ ও মূল্যাবোধের মাপকাঠিতে পাশ্চাত্যের জন্য ‘অনুকরণীয়’ হওয়ার লক্ষ্য নির্ধারণের কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পারিবারিক ও সামাজিক মূল্যবোধে আমরা প্রাশ্চাত্যের চাইতেও অনেক বেশি ধনী। কিন্তু প্রাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়, সেগুলো যেন আরও সমৃদ্ধ হয়।
“২০৪১ সাল নাগাদ প্রাশ্চাত্য যেন দেখে, আমরা তাদের মতোই বস্তগতভাবে উন্নত হয়েছি, একই সাথে তাদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম দেশাত্মবোধ, মূল্যবোধ ও মমত্ববোধে অনেক বেশি উন্নত। তারা যেন আমাদেরকে অনুকরণ করে, আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “আমরা তেমন উন্নয়ন চাই না, যেটা পাশ্চাত্যে ঘটেছে। সেখানে দেখা যায়, পাশের বাড়িতে কি হচ্ছে সেটা কেউ দেখে না। পাশের বাড়িতে একাকী ৮৫ বছরের বৃদ্ধ থাকে। হঠাৎ একদিন দেখা গেল সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি একাকী মৃত্যুবরণ করেছেন।
“পাশের বাড়ির খবর না রাখার কারণে, দুর্গন্ধের মাধ্যমে তারা মৃত্যুর খবর পান। অথচ এতদিন কেউ খবর রাখেনি। আমরা চাইনা আমরা যখন বৃদ্ধ হব, তখন আমাদের সন্তানেরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক। সে ধরনের উন্নয়ন আমরা চাই না।”
তবে যে পারিবারিক ও সামাজিক মূল্যবোধে ভর করে পাশ্চাত্যের কাছে অনুকরণীয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তাতে কিছুটা হলেও ‘হাহাকার’ দেখতে পাচ্ছেন তথ্যমন্ত্রী।
বিদ্যালয়ের শিক্ষকদের তাই পাঠ্য বইয়ের পাশাপাশি ‘মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধ’ শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
“আমাদের সন্তানেরা বড় ডাক্তার হবে, সরকারি বড় কর্মকর্তা হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখে না, তেমন উন্নয়ন আমরা চাই না। আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যেন তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকবে।
“বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। এখন খাদ্যের জন্য মানুষকে হাহাকার করতে হয়না। মানুষের মাঝে হাহাকার এখন মমত্ববোধের জন্য, ভালোবাসার জন্য।”
তিনি বলেন, “তাই শিক্ষকদের অনুরোধ জানাব শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের অনুপ্রবেশ ঘটাতে হবে। শিক্ষার সাথে দিক্ষা, বিদ্যার সাথে বিনয়কে যুক্ত করে নতুন প্রজন্ম গঠন করতে হবে। না হয় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া সম্ভব নয়।
“২০৪১ সাল নাগাদ শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে অবকাঠামোগত দিক দিয়ে উন্নত রাষ্ট্র গঠন করতে চাইনা। আমরা চাই একটি উন্নত জাতিও গঠন করতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অধ্যাপক আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ইমাম উদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, সুবর্ণ জয়স্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।
