চট্টগ্রামে ৬০৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামে তিনটি প্রাইভেট কার তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে মঙ্গলবাল ৬০৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধারের সঙ্গে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক রুহুল আমীন।
গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর (৫৫), মো. রুবেল (৩০), কাউছার উদ্দিন (২৪), মো. সোহেল মিয়া (২২) ও মো. সুমন (২২)।
কাউছারের বাড়ি ফটিকছড়ি উপজেলায় আর অন্যদের বাড়ি রাউজানের গুজরা ইউনিয়নে।
গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমীন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমগীর ও রুবেল দুবাই থেকে দেশে এসেছেন মঙ্গলবার। অন্যরাসহ সবাই মিলে তারা শাহ আমানত বিমানবন্দর থেকে রাউজান যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বারিক বিল্ডিং এলাকায় তাদের বহনকারী তিনটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৬০৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিগারেটগুলোর বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
পরিদর্শক রুহুল আমীন বলেন, “চক্রটি বিভিন্ন সময়ে বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেটসহ নানা ধরনের মালামাল দেশে আনেন বলে আমরা তথ্য পেয়েছি। ২০১৯ থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত আলমগীর ১৬ বার দুবাই আসা যাওয়া করেছে। এছাড়া রুবেল ২০১৫-’১৯ সাল পর্যন্ত অন্তত সাতবার এসেছে দেশে। প্রতিবারেই তারা বিদেশ থেকে আসার পথে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসে।”
