২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ডিন নির্বাচন ১৬ ফেব্রুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ডিন নির্বাচন ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 11:06 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা কেএম নুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ ফ্রেবুয়ারি সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

“এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোট অনুষ্ঠিত হবে।”

ডিন নির্বাচনে অংশ নিচ্ছেন ২২ জন প্রার্থী।

সমাজবিজ্ঞান অনুষদে আর কোনো প্রার্থী না থাকায় অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যত সাতটি অনুষদের নির্বাচন হবে।

চূড়ান্ত তালিকানুযায়ী আওয়ামী লীগ-বাম শিক্ষক সমর্থিত হলুদ দলের ৭ জন, বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষক সমর্থিত সাদা দলের ৩ জন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৫ জন এবং হলুদ দলের বিদ্রোহী ৭ জন এ নির্বাচনে লড়ছেন।

হলুদ দলের প্রার্থীরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা, জীববিজ্ঞান অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থীরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল মাবুদ, বিজ্ঞান অনুষদ থেকে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন,ব্যবসা প্রশাসন অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এসএম নসরুল কাদির, জীব বিজ্ঞান অনুষদে জাতীয়তাবাদী ফোরাম থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, মেরিন সায়েন্সেস অনুষদে জাতীয়তাবাদী ফোরাম থেকে অধ্যাপক ড. মো. এম. মারুফ হোসেন।

সাদা দলের প্রার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম. শামছু উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ শওকতুল মেহের, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এছাড়া হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া এবং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, জীববিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, আইন অনুষদে অধ্যাপক এবিএম আবু নোমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এরপর মঙ্গলবার এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।