থানার টয়লেটের ভেন্টিলেটর গলে উধাও নারী আসামি
চট্টগ্রামের পটিয়া থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়েছেন ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক নারী।
শনিবার সকাল সাতটার দিকে থানায় ওই ঘটনার পর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তারা হলেন- এএসআই শামসুদ্দিন ভুইয়া, কনস্টেবল রিয়াজ ও মমতাজ বেগম।
শুক্রবার সন্ধ্যায় পটিয়া পোস্ট অফিস এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন মোছাম্মৎ লাইজু (৩৮) নামের এক নারী। পরে তা পেটের ভেতর থেকে বের করা হয় এক হাজার ৯০০টি ইয়াবা।
এ ঘটনায় পটিয়া থানায় মাদক আইনে একটি মামলাও হয়েছে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকালে থানার একটি টয়লেটে গিয়ে ভেন্টিলেটর গলে ওই নারী পালিয়ে যায়। তার কাছ থেকে আমরা ইয়াবা পেয়েছিলাম।”
পরে দায়িত্ব পালনে ব্যর্থতায় থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয় বলে জানিয়ে ওসি বলেন, “গ্রেপ্তারের সময় সাংবাদিক পরিচয় দেওয়া ওই নারীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।“
