রেললাইনের উপর থেকে সদ্যোজাত শিশু উদ্ধার
চট্টগ্রামের রেললাইনের উপর থেকে সদ্যোজাত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে টহলে যাওয়ার সময় দেওয়ানহাট এলাকায় ডক ইয়ার্ডের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন ডবলমুরিং থানার এসআই মো. আলাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা সদ্য ভূমিষ্ট একটি কন্যা সন্তান এবং তার অদূরে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে দেখতে পাই।”
“ওই নারীর মানসিক সমস্যা আছে বলে মনে হয়। তিনি শুধু তার নাম রীনা ছাড়া আর কিছুই বলতে পারেননি।”
ওই শিশুটিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ও নারীটিকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এসআই আলাউদ্দিন বলেন, পাগলী মহিলাটি শারীরিকভাবে দুর্বল থাকায় তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।”
