২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকল শ্রমিকদের আন্দোলনে ওয়ার্কার্স পার্টির সংহতি

এগারো দফা দাবিতে পাটকল শ্রমিকদের চলমান গণঅনশনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 07:45 PM

Updated : 08 Apr 2022, 05:15 PM

মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিকদের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, সরকারি উদ্যোগে পাটকলের আধুনিকীকরণ করাসহ ১১ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা।

সোমবার চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা এসব দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার থেকে আমিন জুট মিলের পাশাপাশি হাফিজ জুট মিলেও শ্রমিকরা এই কর্মসূচি পালন করবে বলে জানান আমিন জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম।

এদিকে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে ওয়ার্কার্স পার্টি।

সমাবেশে দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, পাটকল সমূহকে আধুনিককরণের নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) নামে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার নামে যে প্রকল্প হাতে নিয়েছে তা অবিলম্বে বাতিল করে রাষ্ট্রীয় উদ্যোগে পাটকলের যন্ত্রাংশ আধুনিকিকরণ ও উন্নয়ন ঘটিয়ে এই শিল্পে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে।

জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দিদারুল আলম চৌধুরী বলেন, এই সরকার নিজেদের শ্রমিক বান্ধব সরকার দাবি করলেও পাটকল শ্রমিকদের সপ্তাহের পর সপ্তাহ মজুরি বাকী। মজুরি না পাওয়ার কারণে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।

“সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন হয়েছে ২০১৫ সাল থেকে। রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের জন্যও মজুরি কমিশন ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। চিনি, খাদ্য শিল্পসহ অন্যান্য সেক্টরে তা বাস্তবায়নও হয়েছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে পাটকল শ্রমিকদের জন্য ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন রোয়েদাদ এখনো বাস্তবায়ন হয়নি।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সদস্য ইন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সহ-সম্পাদক মোক্তার আহমদ, আমিন জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ মিলন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সুপায়ন বড়–য়া, অধ্যাপক শিবু দাশ, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, আমিন জুটমিল ওয়ার্কার্স ইউনিয়ন নেতা কালা মিয়া ও কেরামত আলী।