চট্টগ্রামে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে গ্রেপ্তার
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ারে অভিযোগে চট্টগ্রামের এক ব্যক্তিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহ আলম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন আমিন জুট মিলস এলাকার মোখলেসুর রহমানের ছেলে। মেসার্স শাহ আলম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালান তিনি।
ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহ আলম বিভিন্ন সময়ে লোকজনকে দামি জায়গায় প্লট কিনে দেয়ার লোভ দেখিয়ে এবং ব্যবসায়ীদের মালামাল কিনে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে অর্থ আত্মসাৎ করেছে।
“সে আবুল খায়ের গ্রুপ থেকে লোহার কাটপিস কম দামে কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাৎ করেছে বলেও অভিযোগ রয়েছে।”
শাহ আলমের বিরুদ্ধে বাকলিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় অর্থ আত্মসাতের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
ওসি বলেন, “বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সাত কোটি টাকা আত্মসাতের হিসাব এ পর্যন্ত আমরা পেয়েছি। আরও লোকজন আসছে অভিযোগ নিয়ে। এই অর্থের পরিমাণ বাড়বে।”
