২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের মধ্যে দিনভর বৃষ্টিতে কাবু চট্টগ্রাম

ভরা পৌষের দিনে ভোর থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে কয়েক দফার বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2019, 11:20 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

পুরনো খবর:

রাতে থামবে বৃষ্টি, বাড়বে শীত
রোদের দেখা মেলায় কমছে শীতের দাপট

শুক্রবার সারাদিন দফায় দফায় বৃষ্টির পর রাতে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, শনিবার সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে আরও কমবে তাপমাত্রা।

শুক্রবার সকাল ৬টার দিকে নগরীতে হালকা বৃষ্টি হয়। এরপর সকাল ১০টার দিকে মেঘে ঢাকা আকাশে কয়েকবার সূর্য উঁকি দিলেও অল্প সময় পরেই তা আবারো মেঘে ঢাকা পড়ে। তারপর আর সূর্যের দেখা মেলেনি।

বেলা ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয় প্রায় ১৫ মিনিট ধরে। তারপর বৃষ্টি থামলেও বেলা ২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। চলে প্রায় আধ ঘণ্টা। এসময় নগরীর সড়কগুলোতে পথচারী ও যানবাহনের সংখ্যা কমে যায়।

শহরের বিভিন্ন সড়কে ওয়াসাসহ বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি-বালি বৃষ্টির পর কাদায় রূপ নেয়। কর্দমাক্ত সড়কে বিপাকে পড়েন পথ চলতি মানুষ।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Image
ঠাণ্ডার মধ্যে উষ্ণতা পেতে চায়ের জুড়ি মেলা ভার; শুক্রবার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় কাজের ফাঁকে চা পানে শ্রমিকরা। ছবি: সুমন বাবু

ঠাণ্ডার মধ্যে উষ্ণতা পেতে চায়ের জুড়ি মেলা ভার; শুক্রবার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় কাজের ফাঁকে চা পানে শ্রমিকরা। ছবি: সুমন বাবু

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “শীতে সাধারণত দুয়েকদিন এরকম বৃষ্টি হয়। এটা অন্যান্য বছরের মতই। আজ রাতে আরো বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল থেকে তাপমাত্রা আরো কমে যেতে পারে।”

শুক্রবার চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।