২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উৎসবমুখর বড়দিন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 07:15 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে ঘরে ঘরে সাজানো হয় ক্রিসমাস ট্রি। রঙিন বাতিতে সাজানো হয় গির্জাগুলো। আয়োজন করা হয় প্রার্থনা সভা, দুস্থদের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের খাবার।

চট্টগ্রামে বড়দিনের প্রার্থনা সভা শুরু হয় মঙ্গলবার রাতে। নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এবং রাত ১২টায় প্রার্থনা সভা হয়।

এরপর বুধবার সকাল সাড়ে ৮টায় হয় আরেকটি প্রার্থনা সভা। সভা পরিচালনা করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ এম মজেস কস্তা।

চট্টগ্রামের বিভিন্ন স্থানের খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসব প্রার্থনা সভায় যোগ দেন।

বুধবার সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় যিশু খ্রিস্টের জন্মতিথিতে কেক কাটা ও রিসেপশন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে চট্টগ্রাম আর্চ ডায়োসিসের বিশপ এম মজেস কস্তা বলেন, “বিভিন্ন ধর্মীয় জাতি-গোষ্ঠীর কল্যাণ কামনা এ বড়দিনে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ভূমিকা রাখার চেষ্টা করে সেবার ব্রত নিয়ে আমাদের কাজ। আমরা মূলত মানুষ, মানবতাবোধ নিয়ে কাজ করি।”

অনুষ্ঠানে ‘অন্ধকারে আলো জ্বালাতে আসবেন প্রভু যিশু’ শিরোনামের একটি সমবেত সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপি সভাপতি শাহদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজরী, কাউন্সিলর ইসমাইল বালি ও হাসান মুরাদ বিপ্লব।

বড়দিন উপলক্ষে গির্জার ভেতরে যিশু খ্রিস্টের জন্মস্থানের প্রতীকী গোশালাও স্থাপন করা হয়। গির্জার পাশে কবরস্থানে জ্বালানো হয় মোমবাতি।

বড়দিন উপলক্ষে নগরীর অনাথ আশ্রমগুলোতেও উন্নত খাবার পরিবেশন করা হয়।