২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর আইনে পরিবর্তন চান মেয়র নাছির

গৃহকর বা হোল্ডিং ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর এবার এ সংক্রান্ত আইন পরিবর্তন চেয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 07:40 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

সোমবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পাওয়ার অব পাটিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), আইপিই গ্লোবাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) যৌথ উদ্যোগে দরিদ্র-বান্ধব নগর উন্নয়ন অংশীজন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেয়র।

মেয়র নাছির বলেন, পাঁচ বছর অন্তর অন্তর পৌরকর মূল্যায়ন আইন আছে। বাস্তবায়ন নেই। বাস্তবায়ন করতে গেলেই সমস্যা আর অভিযোগের পাহাড়। এই সময়ে পাশে একটা লোকও পাওয়া যাবে না।

“তাই প্রয়োজন গতানুগতিক আইন পরিবর্তন। পরিমার্জন করে সিসিসি পৌর কর আইন প্রণয়ন করতে হবে।”

এই প্রসঙ্গে নাছির বলেন, “পান, সিগরেট খেতে হাজার টাকা ব্যয় করতে পারে। অথচ পৌর কর দিতে পারে না কতিপয় নগরবাসী। এই প্রবণতা পরিবর্তন না হলে এই কর্পোরেশনের সক্ষমতা কখনও বৃদ্ধি পাবে না।”

অনুষ্ঠানে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, “নগরবাসীর হ্যোল্ডিং ট্যাক্স ছাড়া চসিকের সক্ষমতা আসবে না। তাই হ্যোল্ডিং ট্যাক্স প্রদানের বিষয়ে গণ-সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে।”

সক্ষমতা ও সীমাবদ্ধতার বাইরে গিয়েও সিটি করপোরেশন কাজ করছে দাবি করে মেয়র নাছির বলেন, “চসিক নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষমান আছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্বমানের পুরোপরি নগর বলা না গেলেও চট্টগ্রামকে মন্দের ভালো শহর বলা যাবে।”

ক্রমবর্ধমান মানুষের চাপ সামলাতে চট্টগ্রাম নগরকে বর্ধিত করার উপরও জোর দেন মেয়র।

হোসেন জিল্লুর বলেন, “নগরীতে বস্তিবাসীর সংখ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নগরীর লাগোয়া স্থান সলিমপুর। এখানে হাজার হাজার একর সরকারি জায়গা রয়েছে। এখানে বস্তিবাসীদের জন্য পরিকল্পিত উপায়ে বাসস্থান করা যেতে পারে।”

কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আবদুল ওয়াজেদ, ভারতের আইপিই গ্লোবাল প্রজেক্ট ম্যানেজার শ্রীপর্ণা সান্যাল আইয়ার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ সরওয়ার হোসেন খান প্রমুখ।

পুরনো খবর:

‘ন্যায্য কর দেন না, অথচ সমালোচনা করেন’
চট্টগ্রাম সিটির বাড়তি হোল্ডিং ট্যাক্স আদায় স্থগিত