প্রহরীদেরকে বেঁধে কলেজে ‘ডাকাতির চেষ্টা’
নৈশপ্রহরীকে বেঁধে রেখে চট্টগ্রামে একটি কলেজে ডাকাতির চেষ্টা হয়েছে।
হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ১০-১২ জন মুখোশধারী লোক এ ঘটনা ঘটিয়েছে। তবে কয়েকটি আলমারি ও ফাইল কেবিনেট, ড্রয়ার ভেঙ্গে নথিপত্র তছনছ করলেও কোনো টাকা-পয়সা তার পায়নি।
অধ্যক্ষ জানান, কলেজের সাতটি ভবনের তৃতীয় ভবনে পাহারায় ছিলেন এনাম ও আবুল কালাম নামে দুইজন নৈশপ্রহরী। দুর্বৃত্তরা কলেজের পেছন দিক দিয়ে ঢুকে প্রহরীদের মারধর করে একটি রুমে আটকে রেখে পাশের হিসাবরক্ষণ কক্ষে প্রবেশ করে পাঁচটি আলমারি, একটি ফাইল কেবিনেট ও দুইটি টেবিলের ড্রয়ার ভেঙ্গেছে।
প্রহরীদের একজন বিষয়টি মোবাইল ফোনে অধ্যক্ষকে জানালে তিনি থানায় এবং কলেজ মসজিদের মুয়াজ্জিনকে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে এগিয়ে আসতে বলেন।
মাইকে ঘোষণা শুনে লোকজন এগিয়ে এলে ডাকাত দল কলেজের গেইটের তালা কেটে পালিয়ে যায় বলে জানান অধ্যক্ষ নূরুল হুদা।
তিনি বলেন, “ফরম পূরণসহ বিভিন্ন আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়ায় কলেজে কোনো টাকা থাকে না।”
হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ গেছে। সকালেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
