কুয়াশায় শাহ আমানতে বিমান ওঠানামা ব্যাহত
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাহত হয়েছে উড়োজাহাজ ওঠানামা।
শনিবার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল বলে জানিয়েছেন এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল কিছুটা বিঘ্নিত হয়।”
ওই সময়ের মধ্যে শাহ আমানত থেকে কোনো বিমান ছেড়েও যায়নি।
সকাল সাড়ে ৯টার পর থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক বলে জানান সারোয়ার।
