রাজাকারের তালিকা সরকারের মনগড়া: নোমান
প্রকাশিত রাজাকারের তালিকা সরকারের ‘মনগড়া’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার চট্টগ্রামে মহানগর বিএনপির বিজয় শোভাযাত্রার সমাবেশে তিনি বলেন, “সরকার যদি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে রাজাকারের তালিকা করত তাহলে কোনো ধরনের অভিযোগ থাকত না।”
বিএনপিকে মুক্তিযোদ্ধার দল দাবি করে তিনি বলেন, “এ তালিকা সরকারের মনগড়া এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে।”
বিজয় দিবসের আগের দিন স্বাধীনতা বিরোধী চক্র রাজাকার, আল-শামস, আল-বদর বাহিনীর ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এতে সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম থাকায় প্রকাশের পর থেকেই সমালোচনা চলছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএনপিকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি না দেওয়ার অভিযোগ করে মুক্তিযোদ্ধা নোমান বলেন, “এটা আমাদের নয়, জাতীয় লজ্জার বিষয়। বিএনপিকে যথাসময়ে বিজয় দিবস পালন করতে দেওয়া হচ্ছে না।
“যদি বিজয় দিবসে বিজয় র্যালি করার অনুমতি দেওয়া হত তাহলে দেশবাসীর সাথে বিএনপিও বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে পারত।”
সমাবেশ থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও করা হয়।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
