স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধের ডাক চট্টগ্রামের বিজয় উৎসবে
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসরদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বানে চট্টগ্রামে উদযাপিত হল বিজয়ের ৪৮তম বার্ষিকী।
সোমবার সকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনারের মধ্য দিয়ে বন্দরনগরীতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
একে একে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহবুববর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম নিাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপরই সাধারণ মানুষের ভিড়ে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা পরিণত হয় লোকরণ্যে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা লীগ; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, জেলা ওর্য়াকার্স পার্টি, জাসদ, বাসদ, ছাত্র মৈত্রী, বাকবিশিস, উদীচী চট্টগ্রাম, বোধন আবৃত্তি পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা আইনজীবী সমিতি, প্রমা আবৃত্তি সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের পক্ষ থেকে বের করা হয় বিজয় শোখাযাত্রা। পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।
র্যালি শুরুর আগে নওফেল বলেন, “মুক্তিযুদ্ধবিরোধী সব অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি থেকে আমরা চিরবিদায় জানাব। প্রতি বছর আমরা জানান দিয়ে যাব- এ প্রজন্ম স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তিকে পরিত্যাগ করেছে এবং করতে থাকবে।”
এদিন বন্দর নগরীর বাকলিয়া স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এবং এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এ দুটি স্থানে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
নগরীর চেরাগী পাহাড় মোড়ে উদীচী চট্টগ্রামের পক্ষ থেকে দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী এবং বিকালে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।
