২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে স্কুলের জমি উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2019, 11:42 PM

Updated : 10 Oct 2022, 09:46 PM

বুধবার অভিযানে অংশ নেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা।

অভিযানে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটির দখল হয়ে যাওয়া প্রায় ৪০ ফুট বাই ১৬ ফুট জমি উদ্ধার করা হয়।

গার্মেন্ট কারখানা নির্মাণের জন্য এস এস ওয়্যার নামে একটি প্রতিষ্ঠান বছর চারেক আগে স্কুলের পাশের জমিটি কেনেন। এরপর সীমানা দেয়াল নির্মাণের সময় তারা স্কুলের মালিকানাধীন এই জমি দখলে নেন।

ইউএনও মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শতবর্ষী একটি স্কুলের জমি দখল করে প্রতিষ্ঠানটি রাস্তা তৈরি করেছিল। স্কুলের নামেই এই অংশের খতিয়ান করা।

“কাগজপত্র দেখে ৪০ ফুট বাই ১৬ ফুট জমির মালিকানা স্কুলের বলে নিশ্চিত হওয়ার পর সীমানা দেয়াল ভেঙে জমিটি স্কুলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই অংশটি স্কুলের শিক্ষার্থীদের এসেম্বলির জন্য নির্ধারিত ছিল।”

এদিকে স্কুলের জমি দখল ও পুকুর ভরাট করে গার্মেন্ট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে বুধবার সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ওই এলাকায়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক অলক রায়, ফতেয়াবাদ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনুপ কুমার ঘোষ টিটু, ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৌমেন চৌধুরী সুমনসহ স্থানীয়রা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে অনুপ কুমার ঘোষ বলেন, অবৈধভাবে পুকুর ভরাট করে তিনটি স্কুলের কাছে গার্মেন্ট র্নিমাণের চেষ্টা করা হচ্ছে, যা এলাকার শিক্ষা, আবাসন ও পরিবেশের জন্য হুমকি।

সৌমেন চৌধুরী সুমন বলেন, পরিবেশ অধিদপ্তর আগে দুইবার নোটিশ দিলেও পুকুর ভরাট থামেনি। স্কুলের ৫০ গজের মধ্যে এ রকম একটি পোশাক কারখানা নির্মাণ হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পরিবেশ অধিদপ্তরের নোটিশ দেওয়ার পরেও ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া জমিতে থাকা পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে।

ওই এলাকায় কাছাকাছি দূরত্বে ফতেয়াবাদ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেয়াবাদ মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় নামের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

পুকুর ভরাট করে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, “বিষয়টি পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। তবে যারা অনুমোদন দেবেন আশা করি তারা সরেজমিন পরিদর্শন করে ভবন নির্মাণের অনুমতি দেবেন।”