২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিব বর্ষে চট্টগ্রামেও থাকবে কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দেশজুড়ে মুজিববর্ষ পালনের মধ্যে চট্টগ্রামের বিজয় মেলা পরিষদও কিছু কর্মসূচি পালন করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2019, 08:38 PM

Updated : 08 Apr 2022, 05:08 PM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, আগামী বছর জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে মুজিব বর্ষ পালনে বিজয় মেলা পরিষদের পক্ষ থেকেও কিছু কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।

“মেলা পরিষদের পক্ষেও কিছু উদ্যোগ নেব। সেক্ষেত্রে জনসমাগমের চাইতে এমন কর্মসূচি করতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম সম্পৃক্ত হয়। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেভাবে প্রজন্মকে ধ্বংসের পথে নিতে চেয়েছিল, তা যেন কখনও আর করতে না পারে।”

সভায় ১৬ ডিসেম্বর বিজয় শোভাযাত্রার আয়োজন বিষয়ে আলোচনা করতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নওফেল বলেন, “বিজয় র‌্যালি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। যখন বিজয় মেলা শুরু হয়েছিল, তখন চট্টগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একঘরে হয়ে পড়েছিল। আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এতটা জেঁকে বসেছিল যে সেখান থেকে উত্তরণের জন্যই বিজয় মেলার যাত্রা শুরু।

“বিজয় মেলার মঞ্চে স্মৃতিচারণা হতো। সেই স্মৃতিচারণা থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওঠে। জ্যেষ্ঠ নেতা ও মুক্তিযোদ্ধারা রাজধানী থেকে এসে এখানে দাবি জানিয়ে যেতেন। ঢাকায় তখন নানা কারণে প্রকাশ্যে সেভাবে এই দাবি জানানো যেত না।”

নওফেল বলেন, “এখানে সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, মেজর রফিকুল ইসলাম, কাদের সিদ্দিকীসহ আরও অনেকে এসে স্মৃতিচারণ করতেন। তারা দাবি জানাতেন। পরে গণমাধ্যমে এসব খবর এলে তখন জাতীয় পর্যায়ে আলোচিত হত।”

তখন বিজয় মেলা বানচাল করতে বিএনপি-জামায়াত ‘অনেক কিছু’ করলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর কথা বলেন নওফেল। 

“এখনও প্রধানমন্ত্রী সবসময় বিজয় মেলার বিষয়ে খোঁজ নেন। তিনি আমাদের উৎসাহিত করেন। আমাদের বিজয় মেলার মহাসচিব গত ২৮ তারিখ দেখা করে উনাকে সার্বিক অবহিত করেছেন।”

সভায় বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছ, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোশতাক আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামের সামনের বিজয় শিখা চত্বর থেকে বিজয় শোভাযাত্রা শুরু হবে।

১৯৮৯ সালে এম এ আজিজ স্টেডিয়ামের আউটার মাঠে বিজয় মেলা শুরু হয় স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদদের উদ্যোগে।

পরে মেলায় প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মৃত্যু পর্যন্ত তিনি মেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০১৮ সালে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা বিজয় মেলার আয়োজন করলেও এবার মেলার আয়োজন আবার মহিউদ্দিনের অনুসারীদের হাতে ফিরেছে।