চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মালসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মালামালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে মো. মানিক (৩৫) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তারের পর র্যাব বলছে, বাসা বাড়িতে গ্রিল কেটে ঢুকে চুরি ও ডাকাতির অন্যতম হোতা তিনি।
মানিকের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতার অভিযোগে অন্তত ১০টি মামলা আছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ নভেম্বর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী এসএম জিয়া হোসেনের বাসায় চুরি এই মানিকই করেছিলেন।
র্যাব কর্মকর্তা তারেক বলেন, পরে বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি করে নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। পরে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় মানিকের অভিযান চালিয়ে প্রকৌশলীর বাসা থেকে চুরি করা ঘড়ি, বিভিন্ন ধরনের দেশীয় তৈরি অস্ত্র, গ্রিল ও দরজা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়। তার সহযোগীদের একজনের বাসা থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এএসপি তারেক আজিজ বলেন, “মানিক ও তার সহযোগীরা গ্রিল কিংবা দরজা ভেঙ্গে মানুষের বাসায় প্রবেশ করে। ঘরে লোকজন না থাকলে মালামাল চুরি করে নিয়ে যায়। আর বাসায় কেউ থাকলে কিংবা বাধা দিলে মারধর কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করে।”
