মায়ের সঙ্গে হাসপাতালে এসে লাশ হয়ে ফিরল শিশু
চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ের সঙ্গে হাসপাতালে এসে এক চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরল চার বছরের একটি শিশু।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে এ দুর্ঘটনায় নিহত শিশুর নাম জিহাদুল ইসলাম সিয়াম।
সে সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামের কামরুল হাসানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সিয়ামের মা চিকিৎসা নিতে তার স্বামী ও মায়ের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল।
চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরার পথে হাসপাতালের গেইটে মায়ের হাত ছেড়ে নানির কাছে দৌড় দিলে হাসপাতালের এক চিকিৎসকের চলন্ত প্রাইভেট কারের সামনে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “নিহত শিশুর পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাবার আবেদন করেছেন। তাদের পক্ষ থেকে মামলার জন্য কোনো আবেদন করেননি।”
