স্বর্ণের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রিতে গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে স্বর্ণ ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ডালিম নাথ (৩০) ও মো. এজাজ (৩০)।
এদের মধ্যে ডালিম হাজারী গলির আর কে মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকান ভাড়া নিয়ে স্বর্ণের কারিগর হিসেবে ব্যবসা চালাতেন। তার আড়ালে ইয়াবা বিক্রি করতেন বলে পুলিশের অভিযোগ।
আর নগরীর ঘাট ফরহাদ বেগের কাটা পাহাড় লেইনের বাসিন্দা এজাজ বিক্রির জন্য ডালিমকে ইয়াবা সরবরাহ করতেন বলে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানিয়েছেন।
ডালিম নাথ নগরীর পাহাড়তলি থানার হালিশহর বাস স্ট্যান্ড মোড় সংলগ্ন মাস্টার পাড়ার অজিত নাথের ছেলে। আর এজাজ কোতোয়ালি থানার পাহাড় লেনের আবুল কাশেমের ছেলে।
ওসি মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজারী গলিতে কারিগর হিসেবে একটি দোকান চালায় ডালিম নাথ। স্বর্ণ কারিগরের ওই ব্যবসার আড়ালে এজাজের কাছ থেকে নিয়ে সে ইয়াবা বিক্রি করে। শুক্রবার রাতে ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ ডালিম নাথকে নগরীর নিউমার্কেট মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
“এরপর তার দেখানো মতে হাজারী গলির দোকান থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।”
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘাট ফরহাদ বেগ এলাকা থেকে এজাজকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মহসীন বলেন, এজাজের বিরুদ্ধে আগেও মাদকের মামলা আছে।
“সে বিভিন্ন স্থান থেকে ইয়াবা যোগাড় করে বিক্রির জন্য ডালিমকে দিত।”
