ধর্মঘট: চট্টগ্রামের ঘাট-বন্দরে আটকা ৩১ লাখ টন পণ্য
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এবং বিভিন্ন ঘাটে ৩১ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।
বিভিণ্ন দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ায় বন্দরের বহির্নোঙ্গরে থাকা বড় জাহাজ, লাইটারেজ এবং বিভিন্ন শিল্পগ্রুপের মালিকানাধীন জাহাজে এসব পণ্য আটকে আছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বহির্নোঙ্গরে থাকা ৫৭টি বিদেশি বড় জাহাজে সাড়ে ১৩ লাখ টন এবং বিভিন্ন ঘাটে অবস্থারত ৯৮৬টি লাইটারেজ জাহাজে প্রায় তের লাখ টন পণ্য রয়েছে।
নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম মাঝিরঘাট এলাকায় ঘাট শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে । ছবি: সুমন বাবু
এসব পণ্যের মধ্যে রয়েছে ক্লিংকার, সিরামিক মাটি, ইস্পাতের কাঁচামাল, কয়লা, সার, গম, ডাল, চিনি।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘটের কারণে বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত ৫৭টি বড় জাহাজ থেকে পণ্য লাইটারিং কার্যক্রম শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে।
এসব জাহাজে ক্লিংকার, কয়লা, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বহির্নোঙ্গরে ও নদীর ঘাটগুলোতে পণ্য খালাস বন্ধ থাকলেও বন্দরের জেটিতে পণ্য ওঠানামা চালু আছে।
নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম মাঝিরঘাট এলাকায় ঘাট শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে । ছবি: সুমন বাবু
সাধারণত বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঘাটে নিয়ে গিয়ে সেসব খালাস করে লাইটারেজ জাহাজ।
লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, পণ্য নিয়ে আটকে থাকা ৯৮৬টি জাহাজে প্রায় ১২ লাখ ৯০ হাজার টনের মতো বিভিন্ন পণ্য রয়েছে।
“ধর্মঘটের কারণে লাইটারেজ শ্রমিকরা কাজ না করায় এত পণ্য আটকে রয়েছে।”
নৌযান শ্রমিক ফেডারেশন শুক্রবার রাত ১২টা থেকে বিভিন্ন দাবিতে ধর্মঘট শুরু করে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেছেন, কর্মস্থলে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযান শ্রমিকদের বিভিন্ন ভাতা নির্ধারণসহ ১১ দাবিতে তাদের এই ধর্মঘট।
