সিআইইউর স্প্রিং সেমিস্টারের ‘ওপেন ডে’
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্প্রিং সেমিস্টারের ‘ওপেন ডে’।
মঙ্গলবার সিআইইউ’র জামাল খান ক্যাম্পাসের ওপেন ডে’র উদ্বোধন করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
এই সময় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষাবিদ, সিআইইউর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আগামী দিনে বড় চ্যালেঞ্জ। শিক্ষা জগতে ভিন্ন ধারার মনোবৃত্তি তৈরি করতে সিআইইউ নিজেকে একটি বিশেষায়িত ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।
সৃজনশীলতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা সমাজকে আলোকিত করবেন এমন আশা ব্যক্ত করেন তিনি।
সিআইইউর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জবের দারুণ সুযোগ, স্কলারশিপ, ক্যাম্পাস ট্যুর, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ অনেক কিছু।
সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
