হালদা তীরে জব্দ ড্রেজার পোড়াল ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের হালদা নদীর ইন্দিরা ঘাটে বালু উত্তোলনকারী একটি ড্রেজার জব্দ করে পুড়িয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বিকালে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার ছিপাতলী ইউনিয়নের ইন্দিরা ঘাট এলাকা থেকে ড্রেজারটি জব্দ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রুহুল আমীন।
তিনি বলেন, ওই ঘাটে প্রতিদিন সন্ধ্যা হলে ড্রেজার চালু করা হতো। চলত গভীর রাত পর্যন্ত। ড্রেজারের শব্দে স্থানীয়দের অবস্থা ছিল শোচনীয়। নিয়মিত বালু তোলায় নদীর পাড়ও ভাঙছিল।
“ওই এলাকা থেকে প্রায় এক লক্ষ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। ড্রেজার মালিকের কোনো হদিস এখনও পাওয়া যায়নি। ড্রেজারটি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”
গত এক বছর দুই মাস সময়ে হালদায় অভিযান চালিয়ে এক লাখ ৭১ হাজার মিটার ভাসা জাল ও ঘের জাল, ছয়টি ড্রেজার এবং ১২টি বালু উত্তোলনকারী নৌকা জব্দ ও ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন।
