শঙ্খ নদীর বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার মধ্য দিয়ে প্রবাহিত শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় এলাকায় এ কর্মসূচিতে শঙ্খনদ তীরবর্তী চন্দনাইশ-সাতকানিয়ার ভুক্তভোগী কয়েকশ মানুষ বিভিন্ন ব্যানার- ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী গত চার দশক ধরে শঙ্খ নদীর ক্রমাগত ভাঙনে শত শত মানুষ ভিটে-মাটি, জমি হারিয়ে নিঃস্ব ভূমিহীন ও উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় গ্রাম সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে সাতকানিয়ার মানচিত্র থেকেই বিলুপ্ত হয়ে যায়।
স্থানীয়রা জানান, নদী ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে মাইঙ্গ্যাপড়া, উত্তর কালিয়াইশ, দোহাজারী, চাগাচর, বারুদখানা এলাকার শত শত বসতবাড়ি। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে অন্যত্র বসবাস করছে।
স্থানীয় নবকল্লোল যুব সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বর্তমান সরকার শঙ্খের ভাঙন থেকে রক্ষায় নদীর তীরবর্তী এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ২০৪ কোটি টাকা ব্যয়ে নদীর দু’পাড়ে প্রতিরক্ষা বাঁধ স্থাপন করে।
“কিন্তু সম্প্রতি কিছু বালুদস্যু অত্যাধুনিক ড্রেজার মেশিন বসিয়ে প্রশাসনের নাকের ডগার উপরে নির্বিচারে বালু উত্তোলন করছে। গত বর্ষা মৌসুমের আগে বালু উত্তোলনের ফলে উত্তর কালিয়াইশ অংশে প্রায় ৫০০ মিটারের মতো নদী তীর প্রতিরক্ষা বাঁধ ধসে পড়ে। এলাকার লোকজন চাঁদা তুলে তা মেরামত করলেও বিপদ এখনো কাটেনি।”
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা প্রশাসনের সাথে বার বার যোগাযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন, মুক্তিযোদ্ধা নায়েক আবু তাহের, নবকল্লোল যুব সংঘের সভাপতি প্রকৌশলী শওকত আলী প্রমুখ।
