চট্টগ্রাম নগরীতে নামছে ১০০ এসি বাস
আগামী জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর তিনটি রুটে ১০০ শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো হচ্ছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বুধবার থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৫২তম সাধারণ সভায় মেয়র এ তথ্য জানান।
সভায় মেয়র বলেন, নগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই বাস চালু করবে সিসিসি। জানুয়ারিতে তিনটি সড়কে এই বাসগুলো চলাচল করবে।
“প্রাথমিক পর্যায়ে তিন রুটে মোট ১০০টি এসি বাস রাস্তায় নামানো হবে। নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা, ভাটিয়ারী থেকে লালদিঘী এবং নিউ মার্কেট থেকে ফতেয়াবাদ, এই তিন রুটে পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। আউটসোর্সিং এর মাধ্যমে এগুলো চালানো হবে।”
একেকটি রুটের বাসের একেক রং হবে জানিয়ে তিনি বলেন, “এতে বিশৃঙ্খলা দূর হবে। নগরীর সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে।”
এই প্রকল্পের আওতায় ২০০ বাস চালুর পরিকল্পনা জানিয়ে মেয়র বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাসগুলো দেশে চলে আসবে।
বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের গেজেটভুক্ত ১৫০ জন মুক্তিযোদ্ধাকে সিসিসি সংবর্ধনা দেবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়।
সিসিসি সচিব আবু শাহেদ চৌধুরীর সঞ্চালনায় ও সিটি মেয়রের সভাপতিত্বে সাধারণ সভায় সিসিসি’র প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, সিটি মেয়রের একান্তসচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরীসহ বিভাগীগের প্রধান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
