পূবালী ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনায় দুটি মামলা
চট্টগ্রামে পূবালী ব্যাংকের দুটি বুথ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা চুরির ঘটনায় দুটি মামলা হয়েছে।
বুধবার নগরীর চকবাজার থানায় পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক এবং ডবলমুরিং থানায় শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দুটি করেন।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে মামলাটি করেন
ব্যাংকের শেখ মুজিব শাখার ব্যবস্থাপক সাহেদ আলী।
মামলায় অভিযোগ করা হয়, ১৮ নভেম্বর বিকালে তাদের দুই কর্মকর্তা বুথে টাকা রাখতে গিয়ে গরমিল দেখতে পান। বুথে তিন লাখ ৬০ হাজার থাকার কথা থাকলেও ওই বুথে তারা পেয়েছিলেন ৫০ হাজার টাকা। বিষয়টি ওই দুই কর্মকর্তা তাকে জানালে তিনি বুথ বন্ধ করে ঢাকা কার্যালয়ের কার্ড শাখায় যোগাযোগ করেন।
“এসময় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১৭ নভেম্বর রাত ৮টা ৪৪ মিনিট থেকে ৯টার মধ্যে ৩০/৪০ বছর বয়সী দুই লোক বুথে প্রবেশ করে চাবি এবং ডিভাইস ব্যবহার করে তিন লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।”
চকবাজার থানায় সন্ধ্যায় অন্য মামলাটি করেন ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন সরোয়ার।
চকবাজারের ওসি নিজাম উদ্দিন বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে কাজেম আলী স্কুল সংলগ্ন চট্টগ্রাম কলেজ শাখার বুথ থেকে জালিয়াতি করে তিন লাখ ৩৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় মামলায়।
এই বুথ থেকেও দুই ব্যক্তি টাকা তুলেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
