বিস্ফোরণে নিহতদের লাখ টাকা করে দেওয়ার ঘোষাণা নওফেলের
চট্টগ্রামের কোতোয়ালীর পাথরঘাটায় ভবনে বিস্ফোরণে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নিজের সংসদীয় এলাকায় এ দুর্ঘটনায় আহতদেরও প্রত্যেকের চিকিৎসার জন্য তিনি ২০ হাজার টাকা করে দেবেন তার ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার অনিক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে হতাহতদের এ সহায়তা দেওয়া হবে।
“তিনি আগামীকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবেন। সেখান থেকে ব্রিক ফিল্ড রোডের ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।”
নিহতদের মধ্যে পটিয়া মেহের আঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া, পাথরঘাটার নজু মিয়া লেনের বাসিন্দা জুলেখা খানম ফারজানা ও তার সাত বছর বয়সী ছেলে আতিকুর রহমান শুভ, রং মিস্ত্রি নুরুল ইসলাম, রিকশা চালক আবদুস শুক্কুর, ভ্যান চালক মোহাম্মদ সেলিম ও রিকশা চালক মাহমুদুল হক।
এদের মধ্যে শেষ চারজনের পরিবার অত্যন্ত দরিদ্র এবং তাদের পরিবারে তারাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
