তালিকা ধরে অনুপ্রবেশকারীদের নিয়ে ব্যবস্থা: হাছান মাহমুদ
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের যে তালিকা করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর ডিসি হিল প্রাঙ্গণে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, অনুপ্রবেশকারী দেড় হাজার জনের একটি তালিকা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, “একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। সেটি যাচাই-বাছাই করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “তবে কেউ যে কখনও আমাদের দলে আসতে পারবে না, তা নয় কিন্তু। যারা অপকর্মের সাথে যুক্ত, অন্যদলে থাকাবস্থায় আমাদের দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, দখলবাজিসহ নানা অনিয়ম-অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমাদের দলে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তাদেরকে নেতৃত্বের আসনে বসানোর কোনো প্রশ্নই আসে না।”
চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে বিএনপির সমালোচনার জবাবে হাছান মাহমুদ অনুষ্ঠানে বলেন, “বিএনপির দুর্নীতিবাজ ও অপকর্মকারীদের এখনও ধরা হয়নি বলে তারা হয়ত চলমান শুদ্ধি অভিযানকে আইওয়াশ বলছেন। তাদের দলের অনেকেই আছে নানা অপকর্মের সাথে। সেই তালিকাও সরকারের কাছে আছে।”
তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার উপর জোর দিয়ে বলেন, “সাম্প্রদায়িক বিভাজন করলে যাদের সুবিধা হয়, সেই অপশক্তি মাঝে মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়। তারই অংশ হিসেবে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সাম্প্রতিক সময়ে ভোলার ঘটনা ঘটানো হয়েছে। শেখ হাসিনার সরকার সেগুলোকে কঠোর হস্তে দমন করেছে।
“যেই চেতনার ভিত্তিতে রাষ্ট্র গঠন করা হয়েছিল সেই রাষ্ট্রকে যদি কেউ অস্থিতিশীল করতে চায়, তাদেরকে কঠোর হস্তে দমন করতে আমরা বদ্ধপরিকর। আমাদের মধ্যে যেই সম্প্রীতি সৌহার্দ্য আছে সেটিকে আরো সংহত করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
রাঙ্গুনিয়া কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসবে আশীর্বাদক ছিলেন বৌদ্ধ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাস্থবির, ড. জ্ঞানশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
ধর্মদেশনা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ম মহাস্থবির, মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারের মহাপরিচালক ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মেত্তাবংশ স্থবির, শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের উপ বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ।
