নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আনায় চট্টগ্রামে ব্যবসায়ীর জরিমানা
প্লাস্টিকের তৈরি ওয়ানটাইম গ্লাসের আড়ালে বিক্রয় নিষিদ্ধ পলিথিন আনায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে পলিথিনবাহী একটি কভার্ড ভ্যান আটকের পর শুনানি শেষে এই ক্ষতিপূরণ নির্ধারণ করেন অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
এই অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরিকা বিসিক এলাকায় কভার্ড ভ্যানটি আটক করা হয়।”
এতে বিক্রয় নিষিদ্ধ পাঁচ টন পলিথিন শপিং ব্যাগ ছিল বলে জানান তিনি।
“নগরীর রেয়াজ উদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের শাহ আমানত পলি লিমিটেড নামের প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর এসব পলিথিন ব্যাগ আনেন”, বলেন সংযুক্তা দাশগুপ্তা।
শুনানিতে মো. আলমগীর স্বীকার করেন বিক্রির জন্য তিনি ওয়ানটাইম প্লাস্টিক গ্লাসের আড়ালে এসব শপিং ব্যাগ আনেন।
পরে তাকে পাঁচ লাখ জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক মীর কাশেম মজুমদার এবং পরিদর্শক আবুল মনসুর মোল্লা।
