২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশের ক্ষতি: এস আলমসহ চট্টগ্রামের ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

পাহাড় কাটা, ইটিপি কার্যকর না থাকা এবং পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় চট্টগ্রামে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 10:24 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এসব ক্ষতিপূরণ নির্ধারণ করেন।

এরমধ্যে কর্ণফুলী এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড-১ এর ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) অকার্যকর থাকায় পাঁচ লাখ টাকা জরিমানা করা বলে জানান মোয়াজ্জেম হোসাইন। 

এছাড়া কক্সবাজার জেলায় পাহাড় কাটার অভিযোগে পাঁচ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

এরমধ্যে রামুতে পাহাড় কাটায় হাবিবুর রহমানকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং রামুর রশিদ আহমেদ গংকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা করা হয়েছে।

কক্সবাজার সদরের মো. ফয়েজ উল্লাহকে এক লাখ টাকা, চকবাজারের আলমগীর ও শহীদুল আনোয়ারকে মোট এক লাখ টাকা এবং কক্সবাজার সদরের নেছারুল হককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডের ‘জিন মা বিডি’ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অপরাধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বেঙ্গল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং মক্কা রাইস মিল ও মিতালী রাইস মিলের প্রতিটিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।