২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক  শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 11:01 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

মঙ্গলবার ২০১৯-২০ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করে পুলিশে দেওয়া হয় বলে ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ৩টায় 'এ' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সফটওয়্যার সম্বলিত ক্যালকুলেটর ব্যবহার করার সময় দ্বায়িত্বরত শিক্ষকেররা তাকে আটক করে।

আটক জোবায়ের আহমেদ সিয়াম পাবনার বুলবুল কলেজ থেকে এইচএসসি পাস করেন। 

প্রক্টর বলেন, “সিয়াম ৩.৩১ মিনিটে প্রশ্নপত্রের ছবি তুলো তার খালাত ভাইকে পাঠিয়ে দেয়। পরে খালাত ভাই তাকে প্রশ্ন সমাধান করে পাঠায়। সেই  সফটওয়্যার কানেক্টেড ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়।”

প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসায় সিয়াম বলেন, ভর্তি পরীক্ষা উৎরাতে তিনি এবং তার দুই খালাত ভাই এই পন্থা গ্রহণ করেন। এর আগে তারা অন্য একটা বিশ্ববিদ্যালয়েও একই পদ্ধতি অবলম্বন করেছে।

প্রণব মিত্র বলেন, আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।