২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবেশ দূষণে ৫ প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে ভূমির উপরিভাগ নষ্ট করাসহ পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ায় চট্টগ্রামের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 09:11 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন।

পরিবেশ অধিদপ্তর মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ঠাণ্ডাছড়ি এলাকায় পাহাড় কেটে ভূমির উপরিভাগ নষ্ট এবং পরিবেশের ক্ষতি করায় স্মার্ট গ্রুপ লিমিটেডকে ছয় লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্য একটি শুনানিতে বায়েজিদ এলাকায় পাহাড় কাটায় সমবায় আবাসিক প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

নগরীর চকবাজার এলাকার পার্সিভিল হিল কাটার কারণে আবাসন প্রতিষ্ঠান এপিক ডেভেলপমেন্ট লিমিটেডকে জরিমানা করা হয় ৯৬ হাজার টাকা।

এছাড়া মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় নাসিরাবাদের সুপার নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাঁচ লাখ ১২ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

পাশাপাশি মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে বায়ু দূষণ করায় নাসিরাবাদের সিএসএস করপোরেশন লিমিটেড নামের স্ক্র্যাপ থেকে বিলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে দুই লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে পরিবেশ অধিদপ্তর।