২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা পয়সায় ট্রেনের টিকেট চেয়ে পাননি চট্টগ্রামের কৃষক লীগ নেতারা

জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকা যাওয়া-আসার জন্য বিনামূল্যে ট্রেনের ৩৮০টি টিকেট চেয়ে পাননি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 01:38 AM

Updated : 18 Aug 2022, 05:59 PM

উত্তর জেলার কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলছেন, সম্মেলনে ‘দরিদ্র কৃষকদের’ নিয়ে যেতে টিকেট চেয়ে করা আবেদনে ‘ফ্রি’ চাওয়ার বিষয়টি ‘অসাবধানতাবশত ঘটেছে’।

ওই আবেদনের একদিন পরই রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে বিনামূল্যে টিকেট দেওয়া সম্ভব নয় বলে বলে পাল্টা চিঠিতে জানিয়ে দেওয়া হয়।

এরপর উত্তর জেলা কৃষক লীগের পক্ষ থেকে আবার টাকা দিয়ে টিকেট কিনতে চাওয়া হয়েছে। তবে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্মকর্তারা।

আগামী ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ কৃষক লীগের জাতীয় কাউন্সিলের প্রথম ও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে যোগ দিতে ৫ নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন উত্তর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। এজন্য ১৯০টি এসি টিকেট চেয়ে পূর্ব রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বরাবরে চিঠি দেওয়া হয়।

সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের স্বাক্ষরে ২০ অক্টোবর দেওয়া ওই আবেদনে ৫ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা এবং ৬ নভেম্বর রাতে ঢাকা থেকে চট্টগ্রাম পথের ট্রেনের ১৯০টি করে সিট ‘ফ্রি’ বরাদ্দ চাওয়া হয়।

এর জবাবে ২২ অক্টোবর পূর্ব রেলের এসিট্যান্ট চিফ কর্মাশিয়াল ম্যানেজার খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “বাংলাদেশ রেলওয়েতে ফ্রি ভ্রমণের সুযোগ না থাকায় আবেদনটি বিবেচনা করার সুযোগ নাই বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এ বিষয়ে নজরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুরুতে একটি চিঠি দিয়েছি। সেখানে কাউন্সিলরদের যাওয়ার জন্য টিকেট চেয়েছিলাম। আমরা চেয়েছি, অতীতে যেভাবে জিন্দাবাদ স্লোগান দিয়ে বগিতে উঠে অন্য দলের লোকরা বগি দখল করে ঢাকা চলে যেত, সেটা যেন না হয়।

“আমাদের সংগঠনের অধিকাংশ কাউন্সিলর দরিদ্র কৃষক। তবে ‘ফ্রি’ চাওয়ার বিষয়টি হয়েছে ভুলবশত। আমি অসুস্থ, তাই একজন নেতাকে দরখাস্ত রেডি করতে বলেছিলাম। তিনি ভুল করে ‘ফ্রি’ লিখে দিয়েছেন। এরপর রেলওয়ে চিঠি দিয়ে বলেছে, এভাবে টিকেট দিতে পারবে না।”

কৃষক লীগের এই নেতা বলেন, “বিষয়টা বুঝতে পেরে এরপর আবার আমরা ১৪০ জনের জন্য তিনটা বগির টিকেট টাকা দিয়ে কিনতে চেয়ে চিঠি দিয়েছি। সেটা নিয়ে আগামীকাল আবার যোগাযোগ করব।

“টিকেট চেয়ে আমরা আবেদন করেছি। কোনো হাঙ্গামা তো করিনি। অপরাধও করিনি। তারা আমাদের টিকেট দিয়েও দেয়নি। ভুল বুঝতে পেরে দ্বিতীয়বার আবেদন করেছি।”

এ বিষয়ে পূর্ব রেলের কর্মাশিয়াল (বাণিজ্যিক) বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা আগে একটি দরখাস্ত করেছিলেন। সেটা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পর আবার দরখাস্ত দিয়েছেন।

“কিন্তু টিকেট দেওয়া হয়নি। টাকা দিয়ে কিনতে চাইলেও বেশি সংখ্যক হওয়ায় এক্ষেত্রে রেলভবনের অনুমোদন লাগবে। ঢাকা থেকে সেই অনুমোদন এলে তখন বলতে পারব টিকেট দেওয়া হবে কি না।”