চুরি হওয়া কভার্ড ভ্যানের খোঁজ জিপিআরএসে জেনে উদ্ধার
জিপিআরএস সিস্টেম লাগানো থাকায় চুরি যাওয়া কভার্ড ভ্যানের অবস্থান জেনে চট্টগ্রাম পুলিশের সহায়তায় তা উদ্ধারের পাশাপাশি দুজনকে আটকও করা গেছে।
বৃহস্পতিবার ভোরে রৌফাবাদ এলাকা থেকে কভার্ড ভ্যানটি চুরি হওয়ার পর নয়াহাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. শুক্কুর (২০) ও মো. তারেক (২১)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে চারটার দিকে চালক মো. মামুন কভার্ড ভ্যানটি রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে রেখে নাস্তা করতে প্রবেশ করে। নাস্তা শেষে হোটেল থেকে বের হয়ে কভার্ড ভ্যানটি সেখানে দেখতে পাননি।”
পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নয়াহাট শাহ আমানত মসজিদের সামনে থেকে কভার্ড ভ্যানটি উদ্ধার করে।
এ ঘটনায় বায়েজি বোস্তামী থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি।
